logo

জাতীয় পাঠ্যক্রম ভিত্তিক

শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য শ্রেষ্ঠ অনলাইন পড়াশুনা

শিক্ষায় মুনাফা করা যাবে না: শিক্ষামন্ত্রী

আপডেট: অক্টোবর ১৬,২০১৬ ‌ | ক্যাটাগরি: বিবিধ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কেবল সনদ দেওয়ার উদ্দেশ্যে গতানুগতিক বিষয় পড়িয়ে বিশ্ববিদ্যালয়গুলো দায়িত্ব শেষ বলে মনে করলে হবে না। শিক্ষা নিয়ে মুনাফা করা যাবে না।

আজ শনিবার বিকেল চারটায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বড় বড় ডিগ্রি নিয়ে যদি কাজেই না লাগে, তাহলে সেসব ডিগ্রির প্রয়োজন নেই। তাই বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ ও যোগ্য জনশক্তি তৈরিতে গবেষণানির্ভর পড়াশোনায় শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে হবে।

কোনো অবস্থাতেই কাউকে দোকান-ফ্ল্যাট ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনার সুযোগ দেওয়া হবে না। কোনো আউটার ক্যাম্পাস চালুর সুযোগ দেওয়া হবে না।’

মন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য বিদ্যমান আইন সংশোধনের জন্য পর্যালোচনা করা হচ্ছে। কারণ সরকার চায়, সুষ্ঠু আইন ও নীতিমালার আলোকে বিশ্ববিদ্যালয়গুলোতে যথাযথ শিক্ষার পরিবেশ নিশ্চিত হোক।

যেসব বিশ্ববিদ্যালয় মান বৃদ্ধি করবে না, প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি ভালো মানুষ তৈরিতেও বিশ্ববিদ্যালয়গুলোকে কাজ করতে হবে।

শিক্ষামন্ত্রী নর্থ ইস্ট ইউনিভার্সিটিকে উপজেলা পর্যায়ে চালু হওয়া প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে অভিহিত করেন। সরকারের নিরীক্ষাধর্মী দৃষ্টিভঙ্গির কারণেই উপজেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয় পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘মফস্বলে বিশ্ববিদ্যালয় চালু হলে কেমন ধরনের প্রতিক্রিয়া হয়, সেটি দেখার জন্য নর্থ ইস্ট ইউনিভার্সিটিকে অনুমোদন দেওয়া হয়েছে। তবে আমার বিশ্বাস, এ বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য যাঁরা সম্পৃক্ত রয়েছেন, তাঁরা যোগ্য ব্যক্তি। তাঁদের প্রতি আমাদের আস্থা আছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী। শুরুতে স্বাগত বক্তব্য দেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য আতফুল হাই শিবলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভুইঞা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গোলাম শাহি আলম, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ওয়ালী তছরউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী। সব শেষে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এ এফ মুজতাহিদ।

ক্যাটাগরি

সাম্প্রতিক তথ্যসমূহ