কওমি মাদ্রাসার শিক্ষা সনদের স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছে ময়মনসিংহ কওমি শিক্ষা সনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ।
রোববার (১৬ অক্টোবর) দুপুরে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জামিয়া আশরাফিয়ার প্রিন্সিপাল মুফতি তাজুল ইসলাম কাসেমির সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন মাওলানা আব্দুল হাই, মাওলানা মোশারফ হোসাইন, মাওলানা সামছুল হক, কেন্দ্রীয় কওমি শিক্ষা সনদ বাস্তবায়ন পরিষদের সদস্য আব্দুল্লাহ আল-আমিন, মাওলানা আব্দুল হাকিম প্রমুখ।
বক্তারা বলেন, এদেশের কওমি মাদ্রাসার আলেমরা সবচেয়ে কম সুবিধাভোগী হয়েও জাতিকে সৎ পথের দিশা ও মানুষকে নৈতিক ও চারিত্রিক বলে বলীয়ান করার মহান দায়িত্ব পালন করে আসছেন। দেশে সুশিক্ষার বিস্তার ও নিরক্ষরতা দূরীকরণে তাদের অবদান গুরুত্বপূর্ণ।
কিন্তু আলেম সমাজ ও কওমি মাদ্রাসা আজও স্বীকৃতি বঞ্চিত। তাই সরকারের কাছে কওমি মাদ্রাসার স্বকীয়তা বজায় রেখে দেওবন্দের ৮টি মূলনীতির ভিত্তিতে স্বীকৃতি প্রদানের দাবি জানান তারা।
সুত্রঃ দৈনিক শিক্ষা