খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেছেন, বই পড়া, পত্রিকা পড়া এবং লেখালেখির অভ্যাস কমে যাওয়ায় শিক্ষার্থীদের ভাষাজ্ঞান, শব্দচয়ন, মৌলিক লেখার শৈলী ও বহুমাত্রিকতা কমে যাচ্ছে।
সহশিক্ষামূলক কার্যক্রমে তথা বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে এমনকি খেলাধূলাতেও অংশগ্রহণের মাত্রাও কমে গেছে। ফলে তাদের মানসিক ও শারীরিক উৎকর্ষতা আশাব্যঞ্জকভাবে ঘটছে না।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর একাডেমিক ভবনে ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এগ্রোটেকনোলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, পরিবেশ বিজ্ঞান ও প্রিন্ট মেকিং ডিসিপ্লিনের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ‘ওয়ার্কশপ অন একাডেমিক কাউন্সিলিং অ্যান্ড মোটিভেশন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তিনি বলেন, সন্তানদের আমরা (অভিভাবক) যন্ত্র বানিয়ে ফেলছি। ভালো রেজাল্টই মুখ্য উদ্দেশ্য হয়ে উঠেছে। দক্ষ মানবসম্পদ বা ভালো মানুষ হওয়ার স্বপ্ন কমে যাচ্ছে। এ অবস্থার অবসান না ঘটলে নতুন প্রজন্মকে দক্ষ মানব সম্পদরূপে, ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এমনকি বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী করে গড়ে তোলা কঠিন।
কর্মশালায় উচ্চশিক্ষায় সফলতার চাবিকাঠি এ বিষয়ের উপর জোর দিয়ে তিনি আরো বলেন, জীবনে সফলতা কেবল টাকা উপার্জন তথা বিত্ত-বৈভবের মধ্যে নয়, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কিছু করার মধ্যে সফলতা নিহিত।
উপাচার্য বলেন, টেকসই উন্নয়নের জন্য, সমৃদ্ধির জন্য শিক্ষাক্ষেত্রেও টেকসই ও বিশ্বমানের শিক্ষাদান করতে হবে। আমরা খুলনা বিশ্ববিদ্যালয়কে সে স্তরে নিয়ে যাওয়ার জন্য নানামুখি পদক্ষেপ নিয়েছি। তারই অংশ হিসেবে কর্মশালার আয়োজন। আমরা ভর্তির পরপরই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণার ধারণা, নিয়ম-নীতি-নৈতিকতা, সৌজন্যবোধ, দেশপ্রেম, শ্রান্তিবিনোদন, বৈশ্বিক ধারণা দিয়ে বিশ্বমানের শিক্ষালাভে উদ্বুদ্ধ করতে চাই।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল আহসান, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান।
এছাড়া ডিসিপ্লিন প্রধানদের মধ্যে বিজিই ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান বক্তব্য দেন।
পরে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন মানব সম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. অনির্বাণ মোস্তফা, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. শেখ মো. এনায়েতুল বাবর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সারওয়ার জাহান।
সংশ্লিষ্ট এগ্রোটেকনোলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, পরিবেশ বিজ্ঞান ও প্রিন্ট মেকিং ডিসিপ্লিনের প্রধানগণ, সিইটিএলের পরিচালক অধ্যাপক ড. আফরোজা পারভীন এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দারসহ উক্ত চারটি ডিসিপ্লিনের প্রথম বর্ষের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
সুত্রঃ দৈনিক শিক্ষা